
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতায় উপযোগী করে গড়ে তোলার জন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। বর্তমান বিশ্বায়নের প্রেক্ষাপটে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবার ক্ষেত্রে ইংরেজি শিক্ষায় অধিকতর গুরুত্ব প্রদান ছাড়া কোনো বিকল্প নেই। ইংরেজি শুধু একটি ভাষা নয় এটি একটি স্কিল, তাই একজন ইংরেজিতে দক্ষ শিক্ষার্থী অবশ্যই তার ভবিষ্যৎ জীবনে অন্যদের থেকে এগিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। নোয়াখালী একটি প্রাচীনতম জেলা হওয়া সত্ত্বেও একটি ভাল মানের ইংরেজি ভার্সন স্কুলের অভাব দৃশ্যমান ছিলো, সেই ভাবনা হতেই জেলা প্রশাসন, নোয়াখালী কর্তৃক প্রতিষ্ঠা করা হয়েছে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নোয়াখালী (ইংরেজি ভার্সন)।
আমরা প্রতিটি শিশুকে অনন্য হিসাবে বিবেচনা করি তাই আমাদের প্রচেষ্টা থাকবে সর্বদা সর্বক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ ও শিক্ষার পরিবেশ বজায় রাখা। আমাদের আছে দক্ষ শিক্ষকমন্ডলী যাদের মাধ্যমে নিশ্চিত হবে গুণগত মানসম্পন্ন শিক্ষা। তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের প্রচেষ্টা থাকবে একজন শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা। যুগের সাথে সামঞ্জস্য রেখে আমারা গ্রহণ করেছি ইন্টারেক্টিভ ওয়েবসাইট যার মাধ্যমে একজন অভিভাবক ঘরে বসেই পাবেন প্রয়োজনীয় সকল তথ্য।
সুশৃঙ্খল মেধাবী জাতি গঠনের স্বপ্ন নিয়ে অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক মানের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।